প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর রাজবাড়ী জেলা পর্যায়ের ফলাফলে আবারও সেরা শিক্ষক নির্বাচিত হয়েছেন গোয়ালন্দ বন্ধুসভার দুই সদস্য। এ বছর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) হিসেবে গোয়ালন্দের উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলী এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) হিসেবে দুদুখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার এই সম্মাননা লাভ করেছেন।
প্রাথমিক শিক্ষা পদক কমিটির যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে এই ফলাফল ঘোষণা করা হয়। কমিটির সভাপতি জেলা প্রশাসক আফরোজা পারভীন এবং সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান স্বাক্ষরিত পত্রে গত ২০ মে ফলাফল চূড়ান্ত করা হলেও, আনুষ্ঠানিকভাবে তা ২১ মে জানানো হয়।
উল্লেখ্য, মুহাম্মদ বাবর আলী এর আগেও ২০২৪ সালে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছিলেন। তিনি গোয়ালন্দ বন্ধুসভার একজন সাবেক সভাপতি এবং বর্তমানে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, নাসরিন আক্তারও এর আগে জেলা পর্যায়ে ২০২২ এবং ২০২৪ সালেও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। তিনি গোয়ালন্দ বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির একজন সদস্য।
গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক শফিক মণ্ডল এই অর্জনে আনন্দ প্রকাশ করে বলেন, ‘যা কিছু ভালো, তার সঙ্গেই প্রথম আলো। প্রথম আলো বন্ধুসভার দুজন সদস্য জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় বন্ধুসভার পক্ষ থেকে তাঁদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’